দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টিকটকে সরাসরি বার্তার মাধ্যমে অন্য ব্যবহারকারীকে টাকা পাঠানো ও গ্রহণের সুবিধা চালুর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। ব্লুমবার্গের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইয়াহু টেক। টিকটকের আইফোন অ্যাপের সর্বশেষ সংস্করণের কোডে নতুন এই সুবিধার ইঙ্গিত পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, সুবিধাটি চালু হলে টিকটক পে ব্যবহার করে সরাসরি বার্তার মাধ্যমে অন্য ব্যবহারকারীকে টাকা পাঠানো যাবে। বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে টিকটক শপের পণ্য কেনার অর্থ পরিশোধে টিকটক পে ব্যবহৃত হয়।
ব্লুমবার্গ জানিয়েছে, অ্যাপের কোডে অর্থ পাঠানোর সঙ্গে বার্তা যুক্ত করার সুবিধারও উল্লেখ রয়েছে। প্রাপক নির্দিষ্ট সময়সীমার মধ্যে ‘গ্রহণ করতে ট্যাপ করুন’ অপশনে চাপ দিয়ে অর্থ গ্রহণ করতে পারবেন। অর্থ পাঠানোর পর লেনদেনের হালনাগাদ তথ্য পুশ বিজ্ঞপ্তি ও ইনবক্সের মাধ্যমে জানানো হবে।
তবে নতুন সুবিধাটি এখনো প্রাথমিক উন্নয়ন পর্যায়ে রয়েছে। ব্লুমবার্গকে টিকটকের এক মুখপাত্র জানিয়েছেন, বর্তমানে কোনো বাজারে এই সুবিধার পরীক্ষা চালানো হচ্ছে না। ফলে প্রতিষ্ঠানটি এ নিয়ে কাজ করলেও শেষ পর্যন্ত সুবিধাটি চালু নাও করতে পারে।
টিকটকে ব্যবহারকারীদের মধ্যে অর্থ লেনদেনের সুবিধা যুক্ত করার উদ্যোগটি পুরোপুরি নতুন নয়। অ্যাপটিতে এরই মধ্যে টিকটক শপ থেকে পণ্য কেনা এবং সরাসরি সম্প্রচারে উপহার পাঠাতে ভার্চ্যুয়াল মুদ্রা কেনার সুযোগ রয়েছে।
এ সুবিধা চালু হলে টিকটক অন্য সামাজিক যোগাযোগমাধ্যমের মতো অর্থ লেনদেনের সুযোগ দেবে। ফেসবুক মেসেঞ্জার ও এক্সেও ব্যবহারকারীদের মধ্যে টাকা পাঠানোর সুবিধা রয়েছে।
এর আগে চলতি বছরের শুরুতে নিষেধাজ্ঞা এড়াতে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম আলাদা করার জন্য ১৪ বিলিয়ন ডলারের একটি চুক্তি সম্পন্ন হয়। টিকটকের মূল প্রতিষ্ঠান চীনা প্রযুক্তি কোম্পানি বাইটড্যান্স যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটিতে এখনো অংশীদারত্ব ধরে রেখেছে। তবে এর বেশির ভাগ মালিকানা রয়েছে যুক্তরাষ্ট্রের কয়েকটি কোম্পানি ও অন্যান্য বিনিয়োগকারীর হাতে।
/অ